১১ জুন বাজেট পেশ, সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা

শুরু হল বাজেট অধিবেশন

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গতকাল রোববার বিকাল ৩টায় এই অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনেই আগামী ১১ জুন ২০২৬২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে। এতে আগামী অর্থবছরের বাজেটের ওপর আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। খবর বিডিনিউজের।

অধিবেশন শুরুতেই স্পিকার বলেন, ২০২৬২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের কারণে এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তী সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন। এই অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় ২০২৬২৭ অর্থবছরের জাতীয় বাজেট। আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। চলতি ২০২৫২৬ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সে হিসাবে বাজেটের আকার বাড়ছে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা। সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমপ্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে নতুন বাজেটের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত : বাসস জানায় : জাতীয় সংসদে ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। যাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন, সাবেক হুইপ ও প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার, গাজীপুর২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. . মান্নান, চাঁদপুর৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, নীলফামারী২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, নারায়ণগঞ্জ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, সুনামগঞ্জ৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, মানিকগঞ্জ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, চট্টগ্রাম১ আসনের সাবেক সংসদসদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ২ আসনের সাবেক সংসদসদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও২ আসনের সাবেক সংসদসদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ভোলা১ আসনের সাবেক সংসদসদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার২ আসনের সাবেক সংসদসদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ও ঢাকা১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।

এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ (বর্তমান স্পিকারের সহধর্মিণী); ভাষাকন্যা ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ; মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক হেলাল হাফিজ; সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন; প্রখ্যাত সংগীতশিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী; রাজনীতিবিদ বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দীন উমর; একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন; বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস; স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান; সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. . জেড. এম. জাহিদ হোসেনের মা বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন্নেছা; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী (বাবু) ও বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবিরের মৃত্যুতে সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

পূর্ববর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের কর্মবিরতিতে চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
পরবর্তী নিবন্ধবিসিবি পরিচালক নির্বাচিত হলেন এশিয়ান গ্রুপ ডিএমডি সাকিফ সালাম