হাটহাজারী উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা পুলিশ নগরীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি দুটি মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাডভোকেট মো. শামীম প্রশাসনিক ট্রাইব্যুনালে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পিপির দায়িত্বও পালন করেছিলেন।











