চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল করেছে হল প্রশাসন। একই সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের হলকক্ষ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন– ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম ইকরা, একই শিক্ষাবর্ষের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইয়াজ নূর সাইমুন ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের মো. শাওন খান এবং ২০২২–২৩ শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের মো. মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষ থেকে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের মধ্যে হলটির চারজন আবাসিক শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় হলের অভ্যন্তরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাপ্ত তথ্য–উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম বলেন, সেদিন সরাসরি মাদক সেবনরত অবস্থায় মোট আটজন ধরা পড়ে। এরমধ্যে চারজন আমাদের হলের শিক্ষার্থী। তাদের সিট বাতিল করা হয়েছে। বাকি ৪ জনের মধ্যে একজন অতিথি, একজন অতীশ দীপঙ্কর হলের এবং দুইজন অনাবাসিক শিক্ষার্থী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে হল প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। হলের পরিবেশ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা যে কোনো পদক্ষেপ নেব।












