নগরীর পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় অবস্থিত হযরত পীর আলী শাহ জামে মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক।
এ সময় তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সমপ্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়াকে আমি অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয় বলে মনে করি।
প্রশাসক মসজিদের নির্মাণকাজ সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ কাজে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।












