বাঁশখালীর সর্বশেষ প্রান্তে ছনুয়া ও জলকদর খালের মোহনায় অবস্থিত ছনুয়া–পুঁইছড়ি বেইলি ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘসময় ধরে সংস্কারবিহীন থাকায় সেতুর পাটাতনগুলো মরিচায় ধরে নষ্ট হয়ে গেছে। ১৩০ মিটার দীর্ঘ ওই সেতুর একপাশে কাঠ বিছিয়ে ছনুয়া ও পুঁইছড়ি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়রা এ সেতুকে ‘পঙ্গু সেতু’ নামেই চিনেন। দীর্ঘদিনের অবহেলা, লবণাক্ততার ক্ষয় আর সংস্কারের অভাবে সেতুটির পাটাতনের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে পারাপারও এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ বেইলি ব্রিজটি ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে নির্মিত হয়েছিল। এ এলাকার অন্যতম উৎপাদিত লবণগুলো রপ্তানি কালে লবণ বোঝাই ট্রলি চলাচলের কারণে সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হতে থাকে। ২০১৭ সালে বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে এটি সংস্কার করা হয়। কিন্তু কয়েক বছর না যেতেই লবণাক্ত পরিবেশের প্রভাবে লোহার পাটাতনে মরিচা ধরে আবারও সৃষ্টি হয় বেহাল দশা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থায়ী সংস্কারের মুখ দেখেনি গুরুত্বপূর্ণ এই সেতুটি। অথচ এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা, পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা, পুঁইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছনুয়া ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির প্রায় ৯৫ শতাংশ পাটাতন নষ্ট হয়ে গেছে। কোথাও পাটাতন নেই, কোথাও আবার ভাঙা অংশে তৈরি হয়েছে গভীর ফাঁক। সেতুর এক পাশে কাঠ দিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও অন্য পাশটি এখনো অরক্ষিত। দুই প্রান্তের সংযোগস্থল থেকেও সরে গেছে মাটি। ফলে সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা। প্রতিদিন শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিচ্ছেন।
সমপ্রতি সেতু পারাপারের সময় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর পা নষ্ট হয়ে যাওয়া পাটাতনের ফাঁকে আটকে যায়। এতে সে গুরুতর আহত হয়। এমন ঘটনার পরও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ছনুয়া এলাকার কফিল উদ্দিন বলেন, ‘গত বছর আমি ব্যক্তিগত অর্থায়নে কাঠ দিয়ে সেতুটির এক পাশ জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছিলাম। স্থানীয় মৎস্যজীবী নুরুল হুদা বলেন, ‘এই সেতুর নিচে দাঁড়িয়ে ওপরে তাকালেই আসমান দেখা যায়। গত ২০ বছর ধরে সংস্কারবিহীন পড়ে থাকলেও এ বিষয়ে কারও মাথাব্যথা নেই।’
ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী বলেন, পাটাতন নষ্ট হওয়া এ বেইলি ব্রিজটি সংস্কারে আমি উপজেলা প্রকৌশল অধিদপ্তরে অফিসে গিয়ে বহুবার ধরনা দিয়েছি। প্রতিবারই সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরিদর্শন করেন, মাপঝোঁক করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমার এলাকার মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। আমি এ ব্রিজটি সংস্কারে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।
বাঁশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফরাদ বিন মুনীর বলেন, ‘বেইলি ব্রিজের কোনো প্রকল্প বর্তমানে চালু নেই। ওই জায়গায় একটি নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রাক্কলন প্রস্তুত করে পাঠিয়েছি। বাঁশখালী থেকে গুরুত্বপূর্ণ মোট ৫টি ব্রিজের তালিকা পাঠিয়েছি। এরমধ্যে ওই ব্রিজটিও আছে। আশা করি, ডিপিপি পাস হয়ে আসলে এ স্থানে নতুন করে সেতু নির্মাণ করা হতে পারে।’
ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী বলেন, বর্তমানে পাটাতন দিয়ে ব্রিজ করলে বার বার নষ্ট হবে এমন দাবি প্রকৗশল অধিদপ্তরের। সমপ্রতি উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রিজের মাপঝোঁক নিয়ে নতুন গার্ডার ব্রিজ নির্মাণে প্রাক্কালন পাঠিয়েছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে এর কাজ শুরু হবে।












