বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। তাদের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক–শিক্ষার্থীও রয়েছেন। এতে অনেকের খাবারের জন্য রাখা টাকা প্রায় শেষ হয়ে এসেছে। দেখা দিয়েছে অর্থসংকট। এর মধ্যে এক শিক্ষার্থী বাইক দুর্ঘটনায় আহত হয়ে দুর্ভোগে পড়েছেন।
আটকে পড়া ৯৬ জনের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন। তাদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থীর হাঁটুর প্যাটেলা (হাঁটুর হাড়) স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জাবিপ্রবির ৩১ জনের দলে রয়েছেন দুজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী। সমাজকর্ম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর শিক্ষা সফরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েন। বিভাগটির প্রভাষক হোসাইন মাহমুদ সাংবাদিকদের বলেন, বুধবার রাতে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এতে তারা বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করায় খাবারের জন্য রাখা টাকাও প্রায় শেষ হয়ে এসেছে।
জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। এছাড়া তাদের আর্থিক সংকটও দেখা দিয়েছে। দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই। কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাকে স্থানাস্তর করা ঝুঁকিপূর্ণ।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক–শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।










