ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে কাপ্তাই উপজেলাসহ রাঙামাটি পার্বত্য জেলার সর্বত্র গত তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। অসময়ের এই বৃষ্টির ফলে জুম ধানসহ বিভিন্ন শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা উপজেলার জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। মোটকথা ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে সৃষ্ট বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। রাঙামাটি কাপ্তাই সড়কের ভেলাপ্পাপাড়া নামক স্থানে সড়কে বিশালাকারের ধস সৃষ্টি হয়েছে। ধসের ফলে মাটি সরে গিয়ে সড়কে যান চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে জন্য ধস কবলিত স্থানে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
কাপ্তাই উপজেলা উপসহকারি কৃষ্টি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, কৃষকরা এখন শীতকালীন আলু, টমেটো, শালগম, সীম, মূলা, লাল শাক, কপি, কপিশাক, ধনে পাতা ইত্যাদি শাকসবজি চাষ করছেন। কেউ কেউ ইতোমধ্যে তরুতরকারী ঘরে তুলতে শুরু করেছেন। অনেকে শাকসবজি তোলার অপেক্ষায় ছিলেন। এমন সময় হঠাৎ এই অনাকাঙ্খিত বৃষ্টির ফলে শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৃষ্টির প্রভাবে ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা দোভাষীবাজার এবং লিচুবাগানের অবস্থা শোচনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। মধ্য দোভাষীবাজারে সড়কের উপর সৃষ্ট গর্তে কাদাপানি মাড়িয়ে চলাচল দুর্বিসহ হয়ে পড়েছে। লিচুবাগানে রাস্তার উপর নির্মিত স্লাব ভেঙ্গে অটোরিকশা, সিএনজি চালিত রিকশা, প্রাইভেটকার ট্রাক ইত্যাদি সব ধরনের যান চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। দোভাষী বাজারের ব্যবসায়ী মোঃ হারুন জানান, ছোট বড় গর্তের কারণে এমনিতেই সড়কের অবস্থা বেহাল ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টির ফলে অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, এবারের বর্ষায় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছিল।
আমরা অনেক স্থানে সড়ক সংস্কার কাজ শুরু করেছিলাম। কোথাও কোথাও সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। এমন অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে আকষ্মিক বৃষ্টিতে সড়ক মহাসড়কের কিছুটা ক্ষতি হয়েছে। বৃষ্টি কমলে সড়ক সংস্কার কাজ আবার শুরু করা হবে বলেও তিনি জানান।










