পাহাড়তলীতে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় সাজ্জাদ হোসেন মাসুম (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মো. আবুল হোসেন আজিম (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল এসআরবি–৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত রাত ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকা থেকে মো. আবুল হোসেন আজিমকে (৩০) গ্রেপ্তার করা হয়।

এসআরবি–৭ জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলীর এ কে খাঁন মোড়ের জাকির হোসেন রোড এলাকায় সিএনজিচালিত টেক্সিচালক শাহাদাত হোসেনের কাছে একদল দুর্বৃত্ত এক হাজার টাকা চাঁদা দাবি করে। শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বন্ধু শাহাদাতকে আক্রান্ত হতে দেখে এগিয়ে যান মাসুম। তিনি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে মাসুমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে ১৯ নভেম্বর পাহাড়তলী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

এসআরবি–৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আজিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ঈদুলপুর এলাকার মৃত সফিক আহম্মদের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে ‘আরামকো টাওয়ারে’ হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ