জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম গতকাল শনিবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জামায়াত নেতৃবৃন্দ বিশেষভাবে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী গড়ে তুলতে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিএমপির গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং জনগণের জানমাল রক্ষায় আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, সিএমপির উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।











