সাজেক সড়কে আজ থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেক কার্বারি এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি আজ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়কে অবরোধ ডেকেছে। গতকাল শনিবার দুপুরে সাজেক কার্বারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে দুই সংগঠনের পক্ষ থেকে এ অবরোধের ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার ও নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উপরন্তু নিরাপত্তাবাহিনী নিরীহ জনগণের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি করছে, বিশিষ্ট ব্যক্তিদেরকে হুমকি দিচ্ছে, তাই দাবি আদায়ের জন্য রোববার সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হবে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দুই সংগঠনের নেতৃবৃন্দ সাজেক পর্যটন সড়কে কোনো ধরনের যানবাহন না চালানোর জন্য যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পর্যটক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাজেকবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে উক্ত অবরোধের ডাক দেওয়া হয়েছে উল্লেখ করে বিবৃতিতে দুই সংগঠনের নেতারা বলেন, জেএসএসের সশস্ত্র গ্রুপটি যতদিন সাজেকে অবস্থান করবে, ততদিন এলাকায় অশান্তি বিরাজ করবে এবং কারোর জীবনের নিরাপত্তা থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি