মীরসরাইয়ে গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ও নারীদের পরনে থাকা ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে তারা। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড ফোন, সিসি ক্যামেরার মনিটর, ওয়াই–ফাই রাউটার, কম্পিউটার ও নগদ ৪০ হাজার টাকা নয়ে যায় ডাকাতেরা। তিনি বলেন, সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনসহ পুলিশের সদস্যরা ওই বাড়িতে যান। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। পরিবারের সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।











