পাহাড়ি জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও বন্যার কারণে রাঙামাটির সাজেক ভ্যালি (উপত্যকা) পর্যটন ও বিনোদনকেন্দ্র ৮ দিন বন্ধ থাকার পর খুলেছে।
গতকাল বুধবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক গণবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাইয়ের জরুরি গণবিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো। তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের সময় সময়ে জারিকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে পর্যটকদের নিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন ও বিনোদনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু সাজেক ভ্যালিতে সোমবার ও মঙ্গলবার সকালে যে সকল পর্যটক ভ্রমণে যান তারাই মূলত টানা বর্ষণে সাজেক সড়কের দুটি অংশে সড়ক তলিয়ে যাওয়ার ফলে আটকা পড়েন।












