বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর–পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর–পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। খবর বিডিনিউজের।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গতকাল বৃহস্পতিবার বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে, কিন্তু সেটা ল্যান্ডের উপরে উঠে গেছে। অর্থাৎ এটা প্রায় স্থল নিম্নচাপ আকারে ভারতের সুন্দরবন বা পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।












