নগরীর নিমতলা থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নগরীর নিমতলা ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম ওরফে আজাদ (৪৫)। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বঙের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল নিমতলা ফ্লাইওভার এলাকায় চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় সন্দেহভাজন রাশেদুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার সঙ্গে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলামের বাড়ি কক্সবাজার সদর থানার নুইন্যাচড়া এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার বেলতলে একটি বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দিচ্ছে সরকার