সবজি চাষ করতে মাটি খুঁড়তেই মিলল মর্টারশেল

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৯:৫৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মাটির নিচ থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় মর্টারশেলটি পাওয়া যায়।

মর্টারশেলের সন্ধান পাওয়া বেলাল হোসেন জানান, বাড়ির পাশে সবজি চাষ করতে মাটি খুঁড়তে গেলে ১ ফুট নিচ থেকে লোহার সাথে কোদাল লেগে যায়। পরে এটি তুলে ভাই সেকান্দারকে জানালে সে কি জিনিস সেটি জানতে বিভিন্ন স্থানে নিয়ে যায়। এক সময় গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে কাটাকাটির চেষ্টাকালে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর দেয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করে এবং জনসাধারণদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষনিক বলা যাচ্ছে না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি আগামীকাল সকালে পরীক্ষা করে দেখবেন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কখনো কাজ করেনি : রাফি
পরবর্তী নিবন্ধমাঠ সম্প্রসারণের নামে শতবর্ষী গাছ কাটা, শিক্ষার্থীদের ক্ষোভে, বন্ধ কার্যক্রম