নগরীর সদরঘাট এলাকায় মাদকসেবনসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সদরঘাটের শুভপুর ও কদমতলীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকসেবনের সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলা, ওয়ারেন্ট ও সিএমপি অধ্যাদেশভুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সবমিলে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ১৮ জন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।









