নগরীর ষোলশহর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে ফখরুদ্দিন বাবলু (৬০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ষোলশহর রেলস্টেশনে কঙবাজারগামী ‘পর্যটক এঙপ্রেস’ ট্রেনে উঠার সময় ছিটকে পড়ে তার মৃত্যু হয়। নিহত ফখরুদ্দিন বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম সিদ্দিক আহমদ। তিনি আশির দশকে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ষোলশহর রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন বাবলু। এসময় ট্রেন এলে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ পা ফসকে চাকার নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ষোলশহর স্টেশনে পর্যটক ট্রেন থামে না। তিনি চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন।
রেলওয়ে পুলিশের ষোলশহর ফাঁড়ির ইনচার্জ অসীম চন্দ্র ধর জানিয়েছেন, দুপুরে কঙবাজারমুখী ‘পর্যটক এঙপ্রেস’ ট্রেনটি ষোলশহর স্টেশন পার হচ্ছিল। এ সময় ট্রেনে উঠতে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জানা গেছে, বর্তমানে তিনি নগরীর চকবাজার হাজী মকবুল সওদাগর লেনে বসবাস করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, গতকাল রাত ১০টায় কাঞ্চনায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।












