চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স (সেশন ২০২২–২৩) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মাইনুদ্দীন শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থী রুপম কিশোর বড়ুয়া। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাসির উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত ইকবাল ফারুকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর এস. এম. ফিরোজ আহমদ, প্রফেসর আ. ক. ম. ওসমান উদ্দিন হায়দার, সহযোগী অধ্যাপক রাশেদা বানু, সহযোগী অধ্যাপক শাহেদুল আলম ভূঁইয়া, সহকারী অধ্যাপক আবদুল ওয়াদুদ ভূঁঞা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও প্রভাষক সারমিন সুলতানা। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি রুপম কিশোর বড়ুয়া তাঁর ছাত্রজীবনের নানা স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতের পথচলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।












