বাসে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন–কক্সবাজার জেলার রামুর হিমছড়ি মাঙ্গালা পাড়া এলাকার রমজান আলী (৩৫) এবং তার স্ত্রী দিলোয়ারা বেগম (২৩)।
পুলিশ জানায়, গোপন তথ্যে খবর পেয়ে মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে অবস্থান নেওয়া হয়। এ সময় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে রমজান আলী ও তার স্ত্রী দিলোয়ারা বেগমের সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা রজু করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার স্বামী–স্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












