পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক–২০২৫’ অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (আইএফইএস)। গতকাল রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএফইএসসহ বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে পদক গ্রহণ করেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
জাতীয় পরিবেশ পদক–২০২৫–এর প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার’ ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করে চবির আইএফইএস। দীর্ঘদিন ধরে পরিবেশ শিক্ষা, গবেষণা, বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি পেয়েছে। এ বছর ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও প্রো–ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম জাতীয় পরিবেশ পদক–২০২৫ লাভ করেন।











