লবণচাষীদের উৎপাদন খরচ পর্যালোচনা হচ্ছে, যাতে সঠিক দাম পান : প্রধানমন্ত্রী

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

লবণচাষীদের জীবনমান উন্নয়ন কীভাবে করা যায় তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষীদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে, যাতে তারা পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে ইন্ডাস্ট্রিয়াল ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরে সাংবাদিকদের বলেন, যথাযথ তথ্যউপাত্ত সংগ্রহের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষীরা ক্ষতিগ্রস্ত না হয়। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপোশাক খাতের মতো সুবিধা পাবে অন্যান্য রপ্তানিমুখী শিল্পও : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধচার মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোনো জলদস্যুতা হয়নি