রাজধানীর মিরপুর–১ নম্বরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখল চেষ্টার ঘটনায় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির নেতা সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ–ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির মিরপুর বিভাগের উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন। পিয়াস ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। খবর বিডিনিউজের।
একই ঘটনায় এদিন ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি। ৩৬ বছর বয়সি মিশু মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি। মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিসি রাকিব খাঁন বলেন, রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
১৯৭৪ সাল থেকে মিরপুরের গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার। ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রায় দুইশ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। আর পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা–দরজা ভেঙে ফেলা হয়।
ভবনটি থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি, আলমারি নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে পুরো স্থাপনাটির কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ।











