টানা ১৩ দিন বন্ধ থাকার গতকাল সকাল থেকে রাঙামাটি–বান্দরবান সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় বিগত ১২ জুলাই থেকে রাঙামাটি–বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর বাসসের।
সেতুর ধসে পড়া অংশটি নতুন করে নির্মাণের পর গতকাল শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন। নির্বাহী প্রকৌশলী জানান, সেতুর যে অংশটি ভেঙে গেছে সেটির নির্মাণ কাজ গত বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। তবে কিছু কাজ করার জন্য শুক্রবার কেবল অটোরিকশাসহ ছোটখাটো যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটির অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায়। বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন ক্ষতিগ্রস্ত এই সেতুটির নির্মাণ কাজ শেষ করে পুনরায় যান চলাচলের জন্য খুলে দিয়েছে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ।










