রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ

ভ্যাট ফাঁকি

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

পাঁচ বছর ধরে মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির মামলায় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডকে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জে ভ্যাট কমিশনারেটের এ আদেশের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। এর সঙ্গে জরিমানার ২৩ কোটি ৫০ লাখ টাকা মিলিয়ে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধ করতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে রহিম এনার্জি বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে থাকে।

এনবিআর বলছে, প্রতিষ্ঠানটি ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ বিতরণ করলেও এসময়ে সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা। ওই সময়ে প্রতিষ্ঠানটির মোট সেবা মূল্যের পরিমাণ ছিল ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা। এর ওপর ৫ শতাংশ হারে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা।

জমা দেওয়া অর্থ বাদ দিলে অপরিশোধিত মূসকের পরিমাণ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা। এর সঙ্গে জরিমানার অর্থ যোগ করা হয়েছে। ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধ না করায় নারায়ণগঞ্জের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মামলা করে। রহিম এনার্জিকে দর্শানোর নোটিসও দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুনানিতে ডাকা হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। দুই পক্ষের শুনানি শেষে বুধবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরিশোধিত মূসক ও জরিমানা নির্ধারণ করে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবেতার ও বিটিভিসহ ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় উপকমিটি হবে
পরবর্তী নিবন্ধ৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপন রিমান্ডে