চট্টগ্রামের মোহরা শিল্পাঞ্চলে শ্রমিক পরিবহন বাসে দুষ্কৃতকারীদের বাধার ঘটনায় শিল্পপ্রতিষ্ঠান ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ। গতকাল শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কেডিএস গ্রুপের পরিচালনাধীন কেডিএস আইডিআর লিমিটেডের শ্রমিক পরিবহন বাসে এ ঘটনা ঘটে। শ্রমিকদের ছুটির পর বাসগুলো বের হওয়ার সময় দুষ্কৃতকারীরা বাধা সৃষ্টি করলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়।
ঘটনার খবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে অবহিত করা হলে তার নির্দেশনায় চান্দগাঁও থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় বাসগুলো নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতার জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে পুলিশ কমিশনার ও চান্দগাঁও থানার ওসিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
এ ঘটনায় বিজিএমইএ’র সহ–সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, মোহরা একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বিপুল সংখ্যক শ্রমিক কর্মরত রয়েছেন। শ্রমিকদের যাতায়াতের সময় এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অতীতেও এ এলাকায় শ্রমিক পরিবহন বাসে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তাই শিল্পাঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর সহযোগিতা প্রয়োজন।
বিজিএমইএ আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগে মোহরা শিল্পাঞ্চলে নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।












