চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানে মিছিল নিয়ে আসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলের দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পৃথক দুটি মিছিল নিয়ে আসেন। এ সময় দুই পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি স্লোগান ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাদের অভিযোগ, ছাত্রশিবির বহিরাগত ব্যক্তিদের নিয়ে মিছিল করে অনুষ্ঠানস্থলে আসছিল। এতে আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন আজাদীকে বলেন, ‘হাতাহাতি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি। ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে মিছিল করছিল। এ নিয়ে আমরা আপত্তি করেছি। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এরপর আমরা মিছিল নিয়ে চলে আসি।’
মহসিন আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সহযোগী সংগঠন হিসেবে আমরা শিবিরকে দেখি। কিন্তু বহিরাগত নিয়ে মিছিল করার বিষয়টা মানতে পারিনি। তারা বহিরাগত নিয়ে এসেছেন, এটার প্রমাণ আমাদের কাছে আছে।’
অন্যদিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দাবি, ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের মিছিলের ব্যানার কেড়ে নেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তাঁদের তিন নেতা-কর্মী আহত হন।
বহিরাগতদের নিয়ে মিছিল করার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘বহিরাগতদের নিয়ে মিছিলের প্রশ্নই আসে না। আমাদের সঙ্গে সবাই ছাত্র ছিলেন।’
তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে তাঁরা জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে খেলার মাঠের দিকে আসছিলেন। তখন ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন তাঁদের ব্যানার কেড়ে নেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে তাঁদের তিন নেতা-কর্মী আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন চাকসুর ক্যাফেটেরিয়া ও পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, আরবি বিভাগের শিক্ষার্থী মিফতাহুল আবেদিন এবং ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হোসাইন।
তবে কোনো শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ বিষয়ে সহকারী প্রক্টর ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তাসিনুল আবেদীন আজাদীকে বলেন, ‘ঘটনাটি সামান্য, বড় কিছু নয়। কোনো মারামারির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে এসআরবি, পুলিশ সদস্যদের সঙ্গে প্রক্টরিয়াল বডি উপস্থিত ছিল। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান নিজে ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের বুঝিয়ে শান্ত করেন। এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’











