মিছবাহ উদ্দীন সড়ক পরিদর্শনে এমপি এনামুল, দ্রুত সংস্কারের আশ্বাস

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

পটিয়ার শান্তির হাটের গুরুত্বপূর্ণ মিছবাহ উদ্দীন সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। স্থানীয়ভাবে মইল্ল্যা পুঁটি সড়ক নামে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কটি পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য এনামুল হক এনাম।

গত সোমবার রাতে শান্তির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের অনুরোধে এমপি এনামুল হক সড়কটি পরিদর্শনে যান। এ সময় উপজেলা প্রকৌশলী তম্ময় নাথসহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এমপি এনামুল হক বলেন, মিছবাহ উদ্দীন সড়কটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়া দুঃখজনক। সবার অগোচরেই সড়কটি এভাবে অবহেলায় পড়ে রয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গেও প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দক্ষিণ পাশ ঘেঁষে পটিয়ার ব্যস্ততম শান্তির হাট এলাকায় অবস্থিত প্রায় এক হাজার ফুট দীর্ঘ এ সড়কটি। সড়কটির দুই পাশে গড়ে উঠেছে বহুতল ভবন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। শান্তির হাট–বুধপুরাসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করেন।

প্রায় ২০ ফুট প্রশস্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং দখল–বেদখলের কারণে বর্তমানে কোথাও কোথাও সড়কটির প্রশস্ততা কমে ৮ থেকে ১০ ফুটে নেমে এসেছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও জমে রয়েছে কাদা ও পানি। এতে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। অথচ সড়কের একপাশে রয়েছে পানি নিষ্কাশনের জন্য প্রশস্ত ড্রেনেজ ব্যবস্থা।

শান্তির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লায়ন নুরুল আলম সওদাগর বলেন, মিছবাহ উদ্দীন সড়কটি সংস্কার হলে শান্তির হাটে আসা শত শত ব্যবসায়ী ও ক্রেতার যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে। পাশাপাশি সড়কে যানজটও কমবে। শান্তির হাট–বুধপুরা এলাকার হাজারো মানুষ এ সড়ক দিয়ে চলাচলের সুযোগ পাবেন। তাই সড়কটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তম্ময় নাথ, শান্তির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লায়ন নুরুল আলম, সহসভাপতি হাফেজ দিদারুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আমিন জুয়েল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. নুরুল হোসেন খান, উপজেলা যুবদল নেতা মো. আলমগীর হোসাইন, উপজেলা ছাত্রদল নেতা মো. মনসুর, জিরি ইউনিয়ন যুবদল নেতা সৈবাল সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে দুদিনব্যাপী সেমিনার ও ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধআগামীর বাগোয়ানের উন্নয়ন শীর্ষক মতবিনিময়