মালয়েশিয়ার জঙ্গলে ২৭ বছর ধরে নিখোঁজ থাকা এক প্রবাসী অবশেষে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় তার পরিবারের কাছে ফিরে এসেছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৬২ বছর বয়সী আমির হোসেন তালুকদার গত মঙ্গলবার রাতে ১২টা ২০ মিনিটে বাটিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা আমির হোসেনকে বুঝে নিয়েছেন। খবর বিডিনিউজের।
ব্র্যাক এক বিজ্ঞপ্তিতে বলছে, ৩০ বছর পর বাবাকে পেয়ে ছেলে বাবু তালুকদারসহ পরিবারের সদস্যরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। এরপর ব্র্যাকের উদ্যোগে তাকে শরীয়তপুরে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমির হোসেনের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে ব্র্যাক।
আমির হোসেনের ছেলে বাবু তালুকদারের বরাতে ব্র্যাক বলছে, ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। সেখানে তিনি রং করার কাজ করতেন।
প্রবাস জীবনের শুরুতে প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকত তার, সংসার খরচও পাঠাতেন। তবে তবে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরের ২৭ বছর তার কোনো খোঁজ পায়নি পরিবার। স্বজনরাও ধীরে ধীরে ধরে নিয়েছিলেন, হয়ত তিনি আর বেঁচে নেই।
সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী কয়েকজন বাংলাদেশি পেনাংয়ের একটি জঙ্গলে গিয়ে একটা ছোট টিনের ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আমির হোসেনকে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এবং পেনাং প্রবাসী দিপুর চেষ্টায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারা ব্র্যাকের কাছেও বিষয়টি জানান। দেশে থাকা আমিরের পরিবার তখন তাকে শনাক্ত করে। এরপর প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস তাকে ট্র্যাভেল পাস দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করে।













