মালিকপক্ষের নতুন বেতন কাঠামোর প্রস্তাব জানালেন না বোর্ড চেয়ারম্যান

পোশাকশিল্প

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ নতুন বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলছেন, সেই প্রস্তাব তারা এখনই প্রকাশ করতে চান না। মালিকপক্ষের দেওয়া সেই প্রস্তাব শ্রমিকপক্ষের ধারে কাছেও নেই বলে দাবি করেছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। বৈঠকের বিরতিতে বিকাল পৌনে ৫টায় ব্রিফিংয়ে আসেন বোর্ড সদস্যরা। বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আমাদের সভা আরও চলবে। আজকে কতক্ষণ চলে আমরা জানি না, আলোচনা চলছে, কারণ আজকে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের বিশেষজ্ঞগণ আমাদের সাথে উপস্থিত আছেন। উনারা উনাদের বিশ্লেষণী মতামত দিচ্ছেন। মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে, সেটির ওপর আলোচনা চলছে। আমরা আমাদের পরিদর্শনে যেসব তথ্য–উপাত্ত পেয়েছি, সেগুলো আজকে উপস্থাপন করা হয়েছে। আমরা হয়তোবা আজকের পরে সহসাই আমাদের পরবর্তী মিটিং অর্থাৎ চতুর্থ মিটিং খুব শিগগিরই করব। এটি হতে পারে আগামীকাল (আজ), হতে পারে কয়েক ঘণ্টার মধ্যে। তিনি বলেন, আমরা আজকে বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছি। মালিকপক্ষ যেই প্রস্তাব দিয়েছেন, সেটি আমরা এখনই জানাচ্ছি না–এটি বোর্ড সভার সিদ্ধান্ত। আমরা এই মুহূর্তেই এটি প্রকাশ করছি না। খবর বিডিনিউজের।

এক সাংবাদিক বলেন, এটা যদি আপনারা প্রকাশ না করেন, আপনি কি মনে করেন না যে এটা মাঠে আরও বেশি বিভ্রান্তি ছড়াতে পারে? কারণ বিভিন্ন ধরনের অ্যামাউন্ট সোশাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় এসেছে?

জবাবে আজাদ সুবহানী বলেন, এখন কেউ যদি ব্যক্তিগতভাবে সোশাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে কোনো কিছু দেয়, সেটি কিন্তু আসলে আমাদের সরকারি বক্তব্য নয়। শ্রমিকদের দাবিকে আমরা বিবেচনায় নিয়েই কাজ করছি, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতাসমূহ বিবেচনায় নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধআরো দুই মামলায় মৃধা ও কিবরীয়ার সাজা