দুর্ঘটনায় বিকল মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের প্রথম ইউনিট চলতি সপ্তাহে সচল হতে পারে বলে ধারণা দিয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. আব্দুল মান্নান। টার্মিনালটির দ্বিতীয় ইউনিটটি মেরামত করে সচল করতে ১০ আগস্ট পর্যন্ত অপেক্ষার কথা বলছেন তিনি। মেরামতের অগ্রগতি ভালো মন্তব্য করে গতকাল সোমবার আব্দুল মান্নান বলেন, দ্রুত টার্মিনালটি সচল করার সর্বোচ্চ চেষ্টা চলছে। সমুদ্রপথে আনা এলএনজি সংরক্ষণ করা হয় ভাসমান টার্মিনালে। পরে সেটি আবার গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় জাতীয় গ্রিডে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। দুর্ঘটনার কারণে ২১ জুলাই একটি টার্মিনাল বন্ধ হয়ে যায়, যার প্রভাবে পড়ে দেশজুড়ে। খবর বিডিনিউজের।
এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর বাসা–বাড়ি, শিল্প কারখানাগুলোতে গ্যাসের সরবরাহ ৪০ শতাংশের নিচে নামার কথা বলেন উদ্যোক্তারা। এতে উৎপাদন সক্ষমতাও ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে যাওয়ার কথা বলছেন তারা।












