‘শ্রমিকদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না’

বন্দর অভিমুখে পদযাত্রা থামল পুলিশি বাধায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেনার টার্মিনালসহ (সিসিটি) বন্দরের কোনো স্থাপনা দেশিবিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। গতকাল সোমবার বিকেলে আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

পদযাত্রার আগে বাদামতলী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু। সমাবেশে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য দীপা মজুমদার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ও জাতীয় সম্পদ। বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন থাকলেও জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তের মাধ্যমে এর নিয়ন্ত্রণ দেশিবিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। তারা অভিযোগ করেন, শ্রমিকদের মতামত উপেক্ষা করে বন্দরের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

বক্তারা আরও বলেন, বন্দরের উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি, অবকাঠামো ও দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। তবে তা রাষ্ট্রীয় মালিকানা বজায় রেখেই বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে দক্ষ জনবল নিয়োগেরও দাবি জানান তারা।

সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেন। তিনি জানান, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।

সমাবেশ শেষে ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘এনসিটিসিসিটি ইজারা দেওয়া চলবে না’ এবং ‘জাতীয় সম্পদ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে অংশগ্রহণকারীরা বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করেন। বারিক বিল্ডিং মোড়ে পুলিশ বাধা দিলে সেখানেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক সচল হবে এ সপ্তাহেই
পরবর্তী নিবন্ধবন্যায় পাহাড় ধসে পড়া মাটি সড়ক সংস্কারের নামে বিক্রির অভিযোগ