খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহালছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও রোটারি ক্লাবের সহযোগিতায় চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসাসেবাও প্রদান করা হয়। ক্যাম্পে মোট ৫৬৮ জন চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে ১৭৪ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন ধরনের চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।













