হালদা রক্ষা ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচেতনতামূলক সেমিনার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে ‘হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়)’ আওতায় এক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। বক্তারা হালদা নদীর কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন এবং জলজ পরিবেশ রক্ষায় স্টেকহোল্ডারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মামাছ রক্ষায় স্থানীয় জনতা ও মৎস্যজীবীদের সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস, প্রাণিসম্পদ অফিসার ডা. শরমিন আকতার, সমাজসেবা অফিসার মোহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া মডেল থানার সাবইনন্সফেক্টর গোলাম মোস্তফা, সুনীল মাস্টার, ফজলে এহসান শামীম, মো. আবুল কালামসহ প্রকল্পের সুফলভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, হালদার ঐতিহ্য রক্ষায় সরকার বদ্ধপরিকর এবং মৎস্যজীবীদের যৌক্তিক দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হালদার প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়িতে সেনাবাহিনীর চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধনার্সিং ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র