চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় মূল সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে। তবে চুরি হওয়া স্বর্ণ ও রূপার অলংকার এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৫ জুন দিবাগত রাত তিনটার দিকে বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার বিনাগ লেনে অবস্থিত গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরি হয়। চোরেরা মন্দিরে প্রবেশ করে প্রতিমার গায়ে থাকা প্রায় এক লাখ টাকার স্বর্ণালংকার এবং এক লাখ ২৫ হাজার টাকার রূপার অলংকার নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে পুলিশ গত শুক্রবার (২৭ জুন) রাতে নগরের সাগরিকা রোডের বিটাক মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আরমান (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বর্তমানে তিনি নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁর হেফাজত থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।











