ভারতে এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার জারি হয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী নয়াদিল্লির একটি আদালত সোমবার ২০১৮ সালের একটি মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডের দায়ের করা মামলায় বিচারক অনাম রাইস খান এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে। এ বিষয়ে আদালতের বিস্তারিত আদেশ এখনো পাওয়া যায়নি।এর আগে গত ৩১ অক্টোবর, আদালত রাঠির বিরুদ্ধে নতুন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এরও আগে ১৭ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। ওই সময় আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান, ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ ছিল। পরে আদালত হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেয়। ধ্রুব রাঠির আইনজীবী আদালতে জানিয়েছিলেন, রাঠি সাধারণত অস্ট্রিয়ায় থাকেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি ভারতে গিয়েছিলেন। আদালত উল্লেখ করেছে, এই মামলায় ধ্রুব রাঠিকে প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে।

পূর্ববর্তী নিবন্ধফুলহাতা পোশাকে বিশ্বমঞ্চে মাহি
পরবর্তী নিবন্ধউত্তরণের ষড়কবির গানের অনুষ্ঠান ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’