মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে প্রচলিত পোশাকের বাইরে গিয়ে নিজের মতো করে বাংলাদেশকে তুলে ধরেছেন সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীরা বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে মঞ্চে হাজির হলেও মাহির পরনে ছিল পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। খবর বাংলানিউজের।
ব্যতিক্রমী এই সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব সুইমস্যুট রাউন্ড। এই পর্বে প্রতিযোগীরা নিজেদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা তুলে ধরেন। তবে পোশাক নির্বাচনে এবার ভিন্নতা দেখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মাহি। তার পরনে ছিল ফুলহাতা নীল রঙের শরীরের সঙ্গে মানানসই পোশাক। এর সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো পোশাকে ফুটে ওঠে আভিজাত্য ও স্বতন্ত্র নান্দনিকতা। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি।









