জাপানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ২–১ ব্যবধানে জয় পেয়ে ব্রাজিল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে। এর পর মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেনে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মাতেউস কুনিয়া এবং কাসেমিরো। কুনিয়া যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন এক বাংলাদেশি সাংবাদিক তাকে মোবাইলে একটি ভিডিও দেখান। ভিডিওটিতে দেখা যায়, ব্রাজিলের জয়ের পর বাংলাদেশের হাজার হাজার মানুষ উল্লাস করছেন। নিজের প্রিয় দলের প্রতি ভিনদেশের মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে রীতিমতো অবাক ও আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা। ভিডিওটি দেখার পর উচ্ছ্বসিত কুনিয়া বলেন, ‘ওয়াও! এটা অবিশ্বাস্য! আমি আপনাদের ভাষা জানি না, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এটা সত্যিই এক সুন্দর মুহূর্ত। ধন্যবাদ বাংলাদেশ!’ বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমি আশা করি আপনারা সবাই আমাদের খেলা দেখতে আসবেন। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, বড় একটি চুমু এবং আলিঙ্গন রইল। এভাবেই আমাদের সমর্থন করে যান। আমরা আপনাদের ভালোবাসি।’ এদিকে বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কাসেমিরো জানান কৃতজ্ঞতা। এক সাক্ষাৎকারে কাসেমিরো যা করলেন, তা কোটি বাংলাদেশি ভক্তের হৃদয় জয় করে নেওয়ার মতো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিক কাসেমিরোকে জিজ্ঞেস করেন,‘আমরা যখন এখানে কথা বলছি, বাংলাদেশে এখন মধ্যরাত। সেখানে প্রচুর ব্রাজিলিয়ান সমর্থক এখন রাস্তায় নেমে আপনাদের জয় উদযাপন করছে। এই বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি?’ উত্তরে হাস্যোজ্জ্বল কাসেমিরো বলেন, ‘আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রতি আপনাদের এই অকৃত্রিম সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। সবার জন্য ভালোবাসা ও আলিঙ্গন!’











