ফটিকছড়ি উত্তরে উপজেলা সদর দপ্তর পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হেয়াকো বাজারে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সমাবেশে বক্তব্য রাখেন– বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী পিটু, ব্যবসায়ী হেলাল মুহাম্মদ নূরী, ইউছুপ আলম মাসুদ, একরামুল হক বাবুল, নুরুল আমীন, আবুল খায়ের, আবুল হাশেম, হাসান শামসুদ্দিন, মোজাম্মেল হায়দার বাবু, রবিউল হাসান তানজিম, জসিম উদ্দিন, শফিউল আলম, সেলিম মজুমদার, নুরুল আলম ও শেখ জাহিদ প্রমুখ। বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী কোনো যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। এতে উপজেলার সব এলাকার মানুষের জন্য প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। বক্তারা আরও বলেন, সরকার চাইলে অনেক কিছুই সম্ভব। ইতিমধ্যে দুটি উপজেলায় সদর দপ্তরের মৌজা পরিবর্তন করা হয়েছে। একইভাবে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের মৌজাও পরিবর্তনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধইয়াং স্টার ক্লাবের সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের বিভিন্ন সড়কে ভাঙন জনজীবনে চরম দুর্ভোগ