ফটিকছড়িতে দুই দিনব্যাপী চা আবাদ বিষয়ক প্রশিক্ষণ শুরু

| বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

চা উৎপাদনে আধুনিক চাষাবাদ পদ্ধতিসহ চা আবাদের বিজ্ঞানভিত্তিক নানা কৌশল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে চা শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চা বোর্ড। এসব দক্ষ জনবল চা শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। গত বুধবার ফটিকছড়িতে ‘চা আবাদ বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম একথা বলেন।

চট্টগ্রাম অঞ্চলের চা বাগানগুলোতে কর্মরত ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের দক্ষতার উন্নয়নে বাংলাদেশ চা বোর্ড–এর আওতাধীন বিটিআরআই উপকেন্দ্র, ফটিকছড়ি কর্তৃক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটির প্রথম দিনে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিজ্ঞানী ও বিশেষজ্ঞগণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে মৃত্তিকা ব্যবস্থাপনা, উন্নত চা জাত নির্বাচন কৌশল, আধুনিক চা চাষাবাদ পদ্ধতি পোকা মাকড় ও রোগ–বালাই ব্যবস্থাপনা, চা প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোর্সটিতে চট্টগ্রাম ভ্যালির ২১টি চা বাগান হতে ৩৮ জন প্রশিক্ষণার্থী চা চাষের সামগ্রিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এতে সভাপতিত্ব করেন বিটিআরআই–এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য মো. কামরুল আমিন, সচিব মোছা. সুমনী আক্তার এবং বাংলাদেশীয় চা সংসদের চট্টগ্রাম ভ্যালির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল বাশার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধতাপস বড়ুয়ার ‘পাতা ঝরার উৎসবে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ