অগ্রহায়ণ মাসে যখন আমন কেটে ঘরে তোলার আনন্দে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনই শুরু হয়েছে বৃষ্টি। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবারের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে ধানি জমিতে পানি জমে থাকার ফলে পাকা ধান ভিজে গেছে। আবার কোথাও কোথাও ভিজে গেছে জমিতে কেটে রাখা ধান। তবে এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে রাউজান উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২ হাজার ৩৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪০ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষক এসকান্দর জানান, দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে তিনি ধান কাটার কাজ করছিলেন। কিন্তু বুধবার রাতের বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান ভিজে যায়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় শ্রমিকেরা মাঠে কাজ করতে পারছেন না। পাকা ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন বৃষ্টি কৃষকদের দুশ্চিন্তা ও দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। কৃষক আবুল হোসেন বলেন, আমার কিছু ধান কেটে ঘরে তোলেছি, জমিতে রয়েছে অল্প পরিমাণ ধান। বৃষ্টির কারণে সেগুলো কাটা সম্ভব হচ্ছে না। নেত্রকোনা থেকে ধান কাটার কাজের সন্ধানে রাউজানে আসা শ্রমিক জুলকার বলেন, এখন ধান কাটার মৌসুম। নেত্রকোনা থেকে রাউজানে এসেছি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাত হওয়ায় কাজ জুটেনি। বৃষ্টি বন্ধ হলে আবারো কাজের সন্ধানে হাটে যাবো।
এ বিষয়ে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, রাউজানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তির শিকার হলেও এতে আমন ফসলের ক্ষতির কোনো আশঙ্কা নেই। আবহাওয়া অনুকূলে এলেই কৃষকেরা নির্বিঘ্নে ধান কাটা ও ঘরে তোলার কাজ শেষ করতে পারবেন। ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা।











