পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতে একাদশে ভর্তি

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগের বছরের মত এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তি নিশ্চিত করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গতকাল সোমবার এ তথ্য জানান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এবার একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসছে না। গতবারের মত ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে আমরা নীতিমালার খসড়া করেছি। আশা করছি ১০ আগস্ট ফল প্রকাশের আগেই ভর্তি নীতিমালা জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

ফল প্রকাশ পিছিয়ে যাওয়ায় ভর্তি কার্যক্রমের সূচিতেও পরিবর্তন আসছে। আগে ৩০ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা থাকলেও নতুন সূচি এখনও চূড়ান্ত হয়নি। অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, আবেদন শুরু, ফল প্রকাশসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সূচি নির্ধারণে আমরা এখনও বসিনি। চলতি সপ্তাহেই এটি চূড়ান্ত হবে বলে আশা করছি। ফলে এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকবে। তবে নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কলেজগুলোতে আদালতের নির্দেশনা অনুযায়ী আগের মতই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআন্ডারওয়্যারে দুই কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণ, দুবাই ফেরত যাত্রী আটক
পরবর্তী নিবন্ধহাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে : নাহিদ