পটিয়ায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১১.৩০টায় পটিয়া উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে খরনা ইউপির কমলমুন্সির হাট এলাকায় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম।
স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে পটিয়ায় ক্রীড়াঙ্গন এবং বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ ষ্টেডিয়াম নির্মাণের ফলে এখানকার ক্রীড়াঙ্গন আরো অনেক ধাপ এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা ক্রীড়ামোদিদের। এ বিষয়ে পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, এ মিনি ষ্টেডিয়াম নির্মাণের মাধ্যমে পটিয়ায় ক্রীড়াঙ্গনে একটি মাইলফলক রচিত হচ্ছে। পটিয়ায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে আগামীতে আরো উপজেলার বিভিন্ন স্থানে একাধিক ষ্টেডিয়াম ও মাঠে গ্যালারী নির্মাণের মাধ্যমে আগামী প্রজম্মকে মাদক ও অসমাজিক কর্মকান্ড থেকে রক্ষা করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্রীড়ার মানোন্নয়নে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হবে। এদিকে সার্বিক প্রস্তুতি বাস্তবায়ন ও সফল করতে এমপি এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়াম চত্বর পরিদর্শন করেন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, বাহাদুর খাদেমি, আনোয়ার ইসলাম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম পিবলু, পৌর যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব জাহিদ হোসেন, আখতারুজ্জামান বাবলু, জসিম উদ্দিন, ইসহাক, মো. মাহাবুব রহমান, বুলবুল আহমেদ নান্নু, পারভেজ, মিজানুর রহমান, মীর জসিম উদ্দিন, আবদুল করিম, সুমন, দেলোয়ার খান, নবাব, রবিউল হোসেন, শফি ও ওয়াসিম প্রমুখ।












