হাটহাজারীর নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি। গতকাল রবিবার বিকেলে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার” প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষক–শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, মাদক কোনো ব্যক্তি বা একটি পরিবারের একক সমস্যা নয়; এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ অভিযান ও গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্পৃক্ততাকে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সালাউদ্দিন আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজ। আরো উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হাটহাজারীর উপ–পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংবাদিক খুরশেদ আলম শিমুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিৎ বড়ুয়া, আবু রশিদ মেম্বার, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, ডা. আজম, মোহাম্মদ টিপু সুলতান, কৃষক দল হাটহাজারী উপজেলা সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান প্রমুখ।












