নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ডিপ্লোমেসি চাকমা। গত বৃহস্পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। তবে আপাতত তার কার্যালয় কোথায় হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এর আগে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে। নতুন ইউএনওর যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সরাসরি ইউএনও নিয়োগের ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
ফটিকছড়ি উত্তর উপজেলার অন্তর্ভুক্ত হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, এর আগে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর উপজেলার দায়িত্ব পালন করতেন। এখন থেকে উত্তর উপজেলার জন্য সরাসরি একজন ইউএনও নিয়োগ দেওয়ায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আশা করি, উত্তর উপজেলা বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। স্থানীয় ব্যবসায়ী রাকিবুল আলম পিটু চৌধুরী বলেন, উত্তর ফটিকছড়ির মানুষের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো সদর দপ্তরের অবস্থান। একজন ইউএনওর যোগদান নিঃসন্দেহে সুখবর। এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তবে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সদর দপ্তর যৌক্তিক স্থান নারায়ণহাটে স্থাপনের দাবি আমাদের দীর্ঘদিনের। এদিকে ইউএনও যোগদান করলেও তার কার্যালয় কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। ফলে প্রশাসনিক কার্যক্রম কোথা থেকে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা বৃহস্পতিবার যোগদান করেছেন। তিনি কোথায় অফিস করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।










