নগরীর ফ্লাইওভারের নিচে অবৈধ বাসস্থান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

নগরের ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদে করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, অভিযান চলাকালে অবৈধ বাসস্থানসমূহে বসবাসরত অধিকাংশ ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে যাদের উপস্থিত পাওয়া গেছে, তাদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল ও বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। নগরের সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানসমূহ দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

পথচারীরা জানিয়েছেন, ফ্লাইওভারের নিচে সড়কের আইল্যান্ডে কাপড় ও মশারি টাঙিয়ে বসতি ঘরে তুলেন অনেকে। সেখানে অনৈতিক কার্যক্রম ও মাদক সেবনেরও অভিযোগ আছে। ভবিষ্যতে বসতিগুলো যেন আর গড়ে না উঠে সে জন্য মনিটরিং জোরালোর করার দাবি জানিয়েছেন নগরবাসী।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগর উপকূল থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা