সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫) হবে। বিষয়টি নিশ্চিত করেছে কুমিরা নৌ পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের পশ্চিমে অবস্থিত সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন জাড়আমতল সাগর উপকূলে একটি যুবকের লাশ জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন প্রথমে গাউছিয়া কমিটিকে অবহিত করে। এরপর মোঃ নাছির উদ্দীনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছাঁয়। এ সময় ওই স্পট থেকে মরদেহটি উদ্ধার করার পর তারা নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
নাছির উদ্দীন বলেন, ওই এলাকার লোকজন বিকেল বেলায় একটি লাশ জায়ারের পানিতে ভেসে এসেছে বলে আমাদের জানায়। খবর পেয়ে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশটি দেখে ধারণা করা হচ্ছে লাশটি ৪–৫ দিন আগের। এদিকে কুমিরা নৌ পুলিশের এসআই মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার সাগর উপকূলে জোয়ারের পানিতে একটি লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর আমরা গাউছিয়া কমিটির সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করি। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি অর্ধগলিত ছিল।












