নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নগদ গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান ও চিফ অফ ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতাস্মারক অনুযায়ী, নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের লাখো গ্রাহকের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হবে। নগদের প্রশাসক (বিপিওনগদ) মো. মোতাছিম বিল্লাহ বলেন, দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সইয়ের ফলে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৪ দোকানে ৯০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমোহরায় অস্ত্র উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন