রাউজানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে চারটি দোকানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটের বিপরীতে কাপ্তাই সড়কের পাশে থাকা চারটি খাবারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, জরিমানা পাওয়া দোকানগুলোতে নোংবা পরিবেশে তৈরি করা খাবার বিক্রি করছিল। বিভিন্ন খাদ্যদ্রব্যে পোড়া তেল ও ক্ষতিকর রঙ ব্যবহার করা হচ্ছিল। অভিযানে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বাচা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্ট, আইমিন’স কিচেন, জেস্টো রেস্টুরেন্ট ও চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াসসহ নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. আনিছুজ্জামান।












