দেড়যুগ পর আসছে নতুন নেতৃত্ব

যুবলীগের সম্মেলনকে ঘিরে নগর জুড়ে উৎসব হাজারের অধিক পদপ্রত্যাশী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

দীর্ঘ দেড়যুগ পর আগামীকাল থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর যুবলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন। তিনদিনব্যাপী এ সম্মেলনকে ঘিরে পুরো নগর জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম মহানগরী, দক্ষিণের পটিয়া এবং উত্তরের হাটহাজারীতে যে পথ দিয়ে যাবেন- সেসব পথের কোথাও বিন্দু মাত্র জায়গা গত এক সপ্তাহ ধরে খালি নেই। সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের পাশাপাশি সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য পদের প্রার্থীদের ডিজিটাল পোস্টার-ব্যানার-ফেস্টুন এবং তোরণে পাল্টে গেছে সড়কের চিত্র। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে প্রার্থীদের চেষ্টার কোন কমতি নেই।

এদিকে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের তিনদিনের ধারাবাহিক (২৮, ২৯ ও ৩০ মে) সম্মেলন সফল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ গত ২২ মে চট্টগ্রাম এসেছেন। উঠেছেন রেডিসন বু্লতে। যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকও উঠবেন রেডিসনে। ৩০ মে মহানগর যুবলীগের সম্মেলন শেষ করে ঢাকায় ফিরবেন তিনিসহ কেন্দ্রীয় নেতারা। রেডিসনের আশপাশসহ পুরো এলাকায় এখন নেতাকর্মীদের ভিড়। রেডিসনে গিয়ে দেখা গেছে, সম্মেলনকে ঘিরে যুবলীগের শীর্ষ পদপ্রত্যাশীদের ভিড় লেগে আছে রেডিসন জুড়ে। অনেকেই ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের সান্নিধ্য পেতে তার পেছনে ছায়ার মতো লেগে আছে। হোটেল থেকে শেখ ফজলে নাঈম লবিতে বের হলে, কিংবা সংগঠনের কাজে বাইরে বের হলে দেখা করার জন্য সারাদিন থেকে গভীর রাত পর্যন্ত রেডিসন ও আশপাশে এলাকা ঘিরে থাকে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতারা।

খবর নিয়ে জানা গেছে, শুধুৃমাত্র মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় দপ্তরে বায়োডাটা জমা পড়েছে ১৯১ জনের। অন্যান্য পদের জন্যও কেন্দ্রীয় নেতারা বায়োডাটা জমা নিয়েছেন। সব মিলে হাজারের অধিক নেতাকর্মী কেন্দ্রে বিভিন্ন পদের জন্য বায়োডাটা জমা দিয়েছেন।
কেন্দ্রীয় নেতাদের কাছে প্রার্থীদের যেসব সিভি জমা পড়েছেন সেখান থেকে সিভি যাছাই-বাছাই করবেন। সবদিক বিবেচনা করে এখান থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

আগামীকাল ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, পরদিন ২৯ মে উত্তর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে এবং সর্বশেষ ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে নগরীর দি কিং অব চিটাগংয়ে।

কোন জেলার সম্মেলন হচ্ছে ১৯ বছর পর আবার কোন জেলার সম্মেলন হচ্ছে ২০ বছর ২১ বছর পর। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের তিন জেলায় যুবলীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে। এজন্য পুরো চট্টগ্রাম এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিনা প্রাতদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত আবু ছালেহ
পরবর্তী নিবন্ধযুবলীগের সম্মেলনে ব্যানার, ফেস্টুন নিয়ে প্রবেশ করা যাবে না