সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু ছালেহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম মানিক তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু ছালেহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. আবু তালেব মন্ডল জানান, এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু ছালেহ, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম মানিক ও স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদুল হক মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হকের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আর গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম মানিক তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।













